বটমূলে বোমা হামলা: আক্ষেপের ১৫ বছর

 
বটমূলে বোমা হামলার পর কেটে গেল ১৫ বছর। কিন্তু এখনও শেষ হল না আক্ষেপের। দীর্ঘ ১৫ বছর শেষ হলেও বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার বিচারকাজ শেষ হয়নি। আর এ ঘটনায় হত্যা মামলাটির নিম্ন আদালতে রায় হলেও উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে ২বছর ধরে।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামি পক্ষের ছলচাতুরির কারণে বিলম্বিত হচ্ছে বিচার কাজ। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় হতাশা প্রকাশ করে, দ্রুত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।
 
২০০১ সালের পহেলা বৈশাখের সকাল। গ্রেনেড হামলায় মুহূর্তেই পাল্টে যায় রমনার বটমূলে বাঙালীর অসাম্প্রদায়িক উৎসবের চিত্র। রঙিন সাজে বর্ষবরণে এসে মৃত্যুবরণ করতে হয় ১০ জনকে। ১৫ বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি এ ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি। বিচার বিলম্বিত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।
 
২০১৪ সালের ২৩শে জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে, রাষ্ট্র এবং আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করলেও দুই বছরেও অগ্রগতি নেই মামলাটির। দ্রুত বিচার আইনে ১৩৫ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও সাক্ষ্য গ্রহণ সম্ভব না হওয়ায় বছরের পর বছর থেমে আছে বিস্ফোরক মামলাটির বিচারকাজ।