দিল্লি সম্মেলনে বাঘ সুরক্ষা পরিকল্পনা গ্রহণ

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাঘ সুরক্ষা সম্মেলনের শেষ দিনে প্রাণীটিকে রক্ষায় পরিকল্পনা গৃহীত হয়েছে। এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
 
সম্মেলনের শেষ অধিবেশনে বনমন্ত্রী সম্মেলন আয়োজনের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে ভারতে বাঘ রক্ষায় বাজেট বরাদ্দ তিনগুণ বৃদ্ধি করার ঘোষণা দেয়ায় নরেন্দ্র মোদীর প্রতি সাধুবাদ জানান আনোয়ার হোসেন মঞ্জু।
IMG0
ভারতের প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করার কথাও বলেন বনমন্ত্রী। তিনি বলেন, বাঘ সুরক্ষায় ভারতে নেয়া ব্যবস্থা থেকে আমরা শিক্ষা নিবো ও দেশটির সঙ্গে এ বিষয়ে সহযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।
 
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, পৃথিবীর মোট বাঘের অর্ধেকের বাস ভারতে হলেও প্রাণীটিকে রক্ষার চ্যালেঞ্জগুলো সব যায়গায়ই এক রকম। অবৈধভাবে বাঘ হত্যা ও বনাঞ্চল ধ্বংস করার সমস্যা সব দেশেই রয়েছে। তাই বাঘ রক্ষায় আন্তঃসহযোগিতা দরকার। এভাবেই আমরা যৌথভাবে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে সক্ষম হব।
 
গত মঙ্গলবার তৃতীয় এশীয় বাঘ সম্মেলন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তিন দিনের এই সম্মেলনে বাঘের বসবাস রয়েছে এমন এশীয় দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রীগণ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সম্মেলন শেষ হয়।