'অনুবাদ সাহিত্য পৃথিবীর সব সাহিত্যকে কাছে নিয়ে আসে'

 
কানাডা প্রবাসী লেখক শাহানা আকতার মহুয়ার অনুবাদ কাব্যগ্রন্থ ‘দূরের ক্যানভাস’র প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করেছিল ‘চর্চা’। মাল্টিকালচারাল হেল্পিং হাউজ সোসাইটির হলরুমে গত রবিবার অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে শিল্প-সাহিত্যানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।   
 
অনুবাদক ৯জন কানাডিয়ান আদিবাসী নারী কবির কবিতার অনুবাদ গ্রন্থভূক্ত করেছেন। অনুষ্ঠানের শুরুতেই দুলাল আল হোসাইন ‘দূরের ক্যানভাস’র প্রচ্ছদ, অনূদিত কবিতাগুলোর সাবলীলতা, আদিবাসী কবিতা অনুবাদের প্রাসঙ্গিকতা নিয়ে সম্যক আলোচনা করেন। 
 
প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, আদিবাসীদের স্বজনপ্রতিম বন্ধু রবি আলম, লেখক এবং সাহিত্য সমালোচক ওয়াসিক আজাদ প্রমুখ।
 
ওয়াসিক আজাদ গ্রন্থভূক্ত কবিতাগুলোর ওপরে সারগর্ভ আলোচনা করেন, মৌলিক কাজের পাশাপাশি মহুয়াকে অনুবাদকর্ম চালিয়ে যাবার পরামর্শ দেন। একই সঙ্গে গ্রন্থটিতে একটি ভূমিকা সংযোজনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
 
রবি আলম কানাডার ফেডারেল গভর্মেন্টে কাজ করেছেন। আদিবাসীদের উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে তিনি জড়িত। দখলদার উপনিবেশিক শক্তি কর্তৃক বিভিন্ন আদিবাসী গোত্রের ওপর শত শত বছর ধরে ঘটে যাওয়া নিপীড়নের কিছু ঘটনা রবি আলম উল্লেখ করেন। এ দেশের প্রকৃতির সন্তানদেরকে কিভাবে রিজার্ভে আবদ্ধ করা হয়েছে, সুপরিকল্পিত এবং সুচিন্তিতভাবে কিভাবে শিক্ষা, সভ্যতা এবং ধর্মের নামে তাদের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে তার কিছু চিত্র তুলে ধরেন।
 
দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর বাংলা সাহিত্যে অনুবাদের গুরুত্ব তুলে ধরে বলেন, অনুবাদ সাহিত্য পৃথিবীর সব সাহিত্যকে কাছে নিয়ে আসে। যে কোনো দেশের সাহিত্যের জন্য অনুবাদ শিল্পের ব্যাপক ভূমিকা এবং প্রভাব অনস্বীকার্য।
 
শাহানাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বার্থলোমিও প্রত্যুষ সাহা, জন আমিন এবং আলী আশরাফ নতুন।
 
পাঠকের দৃষ্টিকোণ থেকে ‘দূরের ক্যানভাস’ পাঠ পরবর্তী প্রতিক্রিয়া জানান আয়েশা সুলতানা এবং স্বপন বোস।
‘দূরের ক্যানভাস’ থেকে কবিতা পাঠ করেন হাফিজুল ইসলাম এবং মনির শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীনাত জাহান অনীতা। ‘চর্চা’র পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখেন হাসান মামুন। 
 
উল্লেখ্য যে, অমর একুশে গ্রন্থমেলা-২০১৬’তে ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত হয়েছে শাহানা আকতার মহুয়ার অনুবাদ কাব্যগ্রন্থ ‘দূরের ক্যানভাস’।