অপরাধীদের ছাড় দেয়া হবে না : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকে প্রবেশে সাংবাদিকদের কোন নিষেধাজ্ঞা নেই। তবে ২০১২ সালের একটি সিদ্ধান্ত অনুযায়ী দুদকে প্রবেশে শৃঙ্খলা রক্ষায় কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদক কোন মানুষকে অযথা হয়রানি করবেনা। তবে কোন অপরাধীদের ছাড় দেয়া হবে না।
 
শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনে কেবল আইনী ব্যবস্থা নিয়ে অপরাধীকে জেলে পাঠানোই বড় কথা নয়। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
 
দুদক এখনো নখ-দন্তহীন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক আইনে নখও আছে, দন্তও আছে। তরবারী যদি ব্যবহার করা না হয় তাহলে তাতে জং (মরিচা) পড়ে যায়। দুদকেও তেমনটি হয়েছিল।
 
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ বাংলাদেশের শেষ প্রান্ত সাতক্ষীরার শ্যামনগর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে তিনি টেকনাফ তেতুলিয়া ও জকিগঞ্জের মত প্রত্যন্ত এলাকায় গিয়ে জনগণকে সচেতন করে তুলবেন।
 
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এহতেশামুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।