শুক্রবার নেদারল্যান্ডসের ইউট্রেক্ট (Utrecht) -এ ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরামের (European Social Business Forum) উদ্বোধন করলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ইউরোপে সামাজিক ব্যবসা কমিউনিটির বার্ষিক সম্মিলনী এই ফোরামের উদ্দেশ্য, সামাজিক ব্যবসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এ বিষয়ে আলোচনা ও সহযোগিতার প্রসার এবং ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার রূপদানে বিভিন্ন কোম্পানি, সরকার, উদ্যোক্তা, সিভিল সোসাইটি ও শিক্ষাবিদদের মধ্যে সর্বোৎকৃষ্ট চর্চাসমূহের উপস্থাপন ও প্রণয়ন। সেই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সুদূরপ্রসারী অগ্রগতিকে সমাজের উন্নয়নে ব্যবহারের উপায় খুঁজে বের করাও ফোরামের অন্যতম লক্ষ্য।
প্রথমবার জার্মানীতে অনুষ্ঠিত হবার পর সামাজিক ব্যবসা ফোরাম পরবর্তীতে সুইডেন ও নরওয়েতে অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে এই ফোরাম নেদারল্যান্ডসের ইউট্রেক্ট-এ অনুষ্ঠিত হল। ইউরোপ ও ইউরোপের বাইরের ২৭টিরও বেশি দেশ থেকে ২৫০ জন অংশগ্রহণকারী এই ফোরামে যোগ দেন। সামাজিক ব্যবসা বিশেষজ্ঞ, উদ্যোক্তা, শিক্ষাবিদ, নীতি প্রণেতা ও বিনিয়োগকারীগণকে ইউরোপীয় সামাজিক ব্যবসা ইকোসিস্টেম ও এর ভবিষ্যত নিয়ে এক আকষর্ণীয় আলোচনায় আমন্ত্রণ জানানো হয়। অংশগ্রহণকারীরা ফোরামের বিভিন্নমূখী কর্মসূচিতে নিজ নিজ অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করতে এবং ইউরোপে সামাজিক ব্যবসা আন্দোলনকে প্রসারিত করতে প্রচুর সুযোগ পেয়েছেন।
ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশিপে এই ফোরামের আয়োজক ছিলেন গ্রামীণ ক্রিয়োটিভ ল্যাবের প্রধান নির্বাহী হ্যান্স রিটজ। ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত 'সামাজিক উদ্যোক্তা উৎসব' (Social Entrepreneurship Festival) -এর কাঠামোর মধ্যে এই ফোরাম সম্পন্ন হয়।
ফ্রাঙ্ক রিবূদ (ড্যানোন গ্রুপের চেয়ারম্যান) এবং ইমানুয়েল ফেইবার (ড্যানোন গ্রুপের প্রধান নির্বাহী) প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে 'সামাজিক ব্যবসা : বর্তমান ও ভবিষ্যত' শিরোনামে একটি অত্যন্ত আকর্ষণীয় প্যানেল আলোচনায় যোগ দেন। অপর একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনা দৃষ্টি নিবদ্ধ করে সামাজিক ব্যবসা ও অর্থ সংস্থানের উপর যেখানে যোগ দেন 'ইউনূস সোশ্যাল বিজনেজ গ্লোবাল ইনিশিয়েটিভ'-এর প্রধান নির্বাহী সাসকিয়া ব্রুইষ্টেন, 'এবিএন এএমআরও সোশ্যাল ইমপেক্ট ইনভেষ্টমেন্ট'-এর পরিচালক এরিক বাকেন্স, ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল অনট্রাপ্রিনিয়রশীপ-এর অধ্যাপক হ্যারি হামেল্স এবং গ্রামীণ ক্রিয়োটিভ ল্যাবের প্রধান নির্বাহী হ্যান্স রিটজ।
ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরামের অংশ হিসেবে প্রফেসর ইউনূস লুই হার্টলুপার কমপ্লেক্সে (Louis Hartlooper Complex) আয়োজিত সামাজিক ব্যবসায় আগ্রহী দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে একটি গণ বক্তৃতাও প্রদান করেন।
ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরামে এ বছর ঢাকায় জুলাই ২৮-২৯ তারিখে '৭ম সামাজিক ব্যবসা দিবস' এবং প্যারিসে নভেম্বর ৯-১০ তারিখে 'সোশ্যাল বিজনেস অ্যকাডেমিয়া কনফারেন্স' অনুষ্ঠানের ঘোষণাও দেয়া হয়।