রানা প্লাজার অর্ধেক শ্রমিক এখনো বেকার

রানা প্লাজা দুর্ঘটনার শিকার ৪৮ শতাংশ শ্রমিক এখনো বেকার। শারীরিক ও মানসিক সমস্যার কারণে তারা এখনো কাজে ফিরতে পারছেন না। বেঁচে যাওয়া প্রায় ৫৯ ভাগ শ্রমিক দীর্ঘমেয়াদী মানসিক অসুস্থতায় (ট্রমা) ভুগছেন।
 
শনিবার প্রকাশিত একশনএইড বাংলাদেশের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ‘রানা প্লাজা ধ্বসের তিন বছর: পোশাক শিল্পের অগ্রগতি’ শীর্ষক প্রতিবেদনে সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকদের বর্তমান পরিস্থিতি এবং পোশাক খাতের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
 
জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেঁচে থাকা শ্রমিকদের প্রায় ৭৯ শতাংশ নিজে ব্যবসা করতে চান। মাত্র ৫ ভাগ শ্রমিক পোশাক শিল্পে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। অর্থাৎ এখনো অধিকাংশ শ্রমিকদের মধ্যে কারখানায় কাজ করার ভীতি আছে।
 
এখন ওই শ্রমিকরা যে আয় করেন তার ৬১ ভাগ চলে যায় খাবারে। আয়ের প্রায় ১৬ ভাগ যাচ্ছে ঘর ভাড়ায়। তারা আয়ের মাত্র ৮ শতাংশ টাকা খরচ করতে পারেন চিকিৎসার ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে টাকাটা বেশি দরকার ছিল আবার কাজে ফিরতে।
 
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আগত রানা প্লাজার আহত শ্রমিক নাজমা আক্তার বলেন, আমি ফ্যান্টম অ্যাপারেল ফ্যাক্টরিতে কাজ করতাম। এখনো আমার মাথায় সমস্যা। চিকিত্সা শেষ করতে পারি নি। রানা প্লাজায় অবস্থিত ইথার টেক্স কারখানার শ্রমিক রফিক খান বলেন, ‘আমি এখনো ঠিকমত হাঁটতে পারি না। বিভিন্ন জায়গায় চিকিত্সা পেয়েছি। তবে এখনো সুস্থ হতে পারিনি। প্রথম প্রথম অনেকেই যোগাযোগ করতো। এখন কোন মালিক, ব্রান্ড কারো সঙ্গে যোগাযোগ নাই।