স্পোর্টস রিপোর্টার
গত শনিবার দুপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করছিল আবাহনী ক্রীড়াচক্র ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মাঠের মাঝের উইকেটে ব্যাটিং করছিলেন সাকিব আল হাসান। বেশ স্বাবলীল ভঙ্গিতেই ব্যাটিং করেছেন তিনি। প্রায় সব ধরনের শটই খেলেছেন। প্রায় ঘণ্টা খানেকের অনুশীলনে বল উড়িয়ে মেরেছেন বহুবার। কয়েকজন অফস্পিনারের বিপক্ষে ও থ্রোয়ার থেকে আসা দ্রুতগতির বলের বিপরীতে সাকিবের ব্যাটিংয়ে খুব একটা জড়তা চোখে পড়েনি।
আঙুলের ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ম্যাচ খেলার মতো পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। কিন্তু সাকিব কবে আইপিএল খেলতে যাচ্ছেন? তাকে কতদিনের ছাড়পত্রইবা দিচ্ছে বিসিবি?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন গত শনিবার বলেছিলেন, ‘সাকিব একটা ইনজুরি থেকে উঠে এসেছেন। আশা করি পরবর্তী একটা মূল্যায়নের পর বিষয়টা পরিষ্কার হবে।’
আগামী ২৩ মার্চ শুরু হয়ে আইপিএল চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ২২ এপ্রিল। সেক্ষেত্রে সাকিবকে আইপিএলের মাঝপথে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।’
আইপিএল যাওয়ার দিনক্ষণ না জানা গেলেও সাকিবকে নিয়ে নতুন আলোচনা ভেসে বেড়াচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিসিবি সূত্রে জানা গেছে, ভারতে যাওয়ার আগে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে পারেন বাঁহাতি এই অলরাউন্ডার। গুঞ্জন আছে, আবাহনীর হয়েই প্রিমিয়ার লিগে তার ২-১টি ম্যাচ খেলার সম্ভাবনা জেগেছে।
তবে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সূত্র গতকাল জানিয়েছে, এখনও এটা ঠিক হয়নি। কালকে (আজ) নিশ্চিত করা যাবে।
গতকাল রবিবার মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের পৃষ্ঠপোষক ইউনিলিভারের শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন সাকিব।
এদিকে গতকাল আবাহনী ক্লাবের সূত্র জানায়, ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতোই নাম ছিল না সাকিবের। বাঁহাতি এই অলরাউন্ডারকে আবাহনীতে বেড়ানোর পথে এটাই বড় বাধা। ড্রাফটে নাম থাকলে খেলানো যেত। যেহেতু ড্রাফটেই নাম ছিল না, এখন এভাবে খেলালে বাকি ক্লাবগুলোর অনেক প্রশ্নের মুখে পড়তে হবে।
শেষ পর্যন্ত ভারতে যাওয়ার আগে সাকিব প্রিমিয়ার লিগ খেলতে নেমে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।