রশীদের স্পিনে জয়ের কাছে আফগানিস্তান

নিজের ইতিহাসে দ্বিতীয় টেস্টে এসেই জয় দেখতে পাচ্ছে আফগানিস্তান। শুরু থেকেই দেরাদুন টেস্টে ছড়ি ঘোরানো আফগানিস্তানের এখন এই ম্যাচ জয়ের জন্য ৯ উইকেটে ১১৮ রান দরকার। হাতে আছে পুরো ২ দিন। আগে থেকেই ভালো অবস্থায় থাকা আফগানিস্তানকে জয়ের এতো কাছে নিয়ে এসেছেন রশীদ খান। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ১৭২ রান করেছিলো। জবাবে প্রথম ইনিংসে আফগানরা করে ৩১৪ রান। গতকাল দ্বিতীয় ইনিংসে আইরিশরা ২৮৮ রানে অলআউট হয়। শেষ উইকেটে ৫৮ জুটি গড়ে প্রতিরোধ করলেও রশীদ খানের স্পিনের সামনে অসহায় ছিলো আয়ারল্যান্ড। রশীদ ৮২ রানে নেন ৫ উইকেট। আফগানিস্তানের সামনে শেষ ইনিংসে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য দাড়ায়। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৯ রান তুলেছে তারা।