কাতারে আরও একটি প্রীতি ম্যাচ হতে পারে

স্পোর্টস রিপোর্টার

কাতারের রাজধানী দোহায় কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়া অনূর্ধ্ব-২৩ ফুটবল দল আরও একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা না হলেও কাতারে অবস্থানকারী ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডের ইচ্ছা তিনি আরেকটি ম্যাচ খেলতে চান। হাতে সময় কম। অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের ২০ মার্চ বাহরাইন পৌঁছানোর কথা রয়েছে। সেখানে ২২ মার্চ প্রথম খেলা বাহরাইনের বিপক্ষে। বাহরাইন যাওয়ার আগে দোহায় কন্ডিশনিং ক্যাম্প চলছে। এরই মধ্যে একটি প্রীতি ম্যাচও খেলেছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ হারিয়েছিল কাতারের প্রথম বিভাগ ফুটবল লিগের চতুর্থ দল আল সাহানিয়ায় স্পোর্টস ক্লাবকে হারিয়েছে।

জেমি ডে আরেকটি ম্যাচের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। জানা গেছে দ্বিতীয় ম্যাচটি হতে পারে মঙ্গলবার। কাতারের পেশাদার ফুটবল কাতার লিগের আল আরাবিয়ার বিপক্ষে ম্যাচ হতে পারে।

বাংলাদেশের সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, বিপলু আহমেদ, মতিন মিয়া, সুফিল, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, প্রীতম, পাপ্পু, ইয়াসিন আরাফাত, সুজন, জাফর ইকবাল, টুটুল হোসেন বাদশা, রকি, রকিব, জনি, জিকোদের নিয়ে জেমি রুটিন দেখে অনুশীলন করাচ্ছেন। এই অলিম্পিক ফুটবল দলটা যেন বাহরাইনে লড়াই করতে পারে তার জন্য সেভাবে প্রস্তুত করার চেষ্টা করছেন। কঠিন লড়াইয়ের জন্যই কাতারের দোহায় ১০ দিনের অনুশীলন। ২৪ মার্চ দ্বিতীয় খেলায় ফিলিস্তিনের বিপক্ষে এবং গ্রুপের শেষ খেলা ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে।