যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনেই মেহেরপুরে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
রবিবার দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা, দোয়া-প্রার্থনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস।
এসময় একটি আলোচনা সভার আয়োজন করে দূতাবাস। সভাব বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, মুজিবনগরের সরকারই বাংলাদেশের প্রথম সরকার।
ওয়াশিংটনে নিযুক্ত ইকোনমিক মিনিস্টার মো. সাহাবুদ্দিন পাটওয়ারি আলোচনার সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন প্রেস মিনিস্টার শামিম আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, কনসুলার মিনিস্টার তৌফিক হোসেন, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন।
তিনি এদিন সকালে জাতীয় পতাকা আনুষ্ঠানিভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। এ সময় দূতাবাসের কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।