লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

নড়াইলের লোহাগড়ার ইতনা ইউপির পাংখারচর গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া, নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের পাংখার চর গ্রামে লিচু কাজীর সঙ্গে একই গ্রামের ওবায়দুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে বসির কাজির নেতৃত্বে লিচু কাজির লোক ইউপি মেম্বর আকিদুল ইসলামকে ধাওয়া দেয়। ফলে উভয় গ্রুপের লোকজন স্থানীয় তৈরী ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেল, লাঠিসোটা নিয়ে দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। এতে মহিলাসহ উভয় দলের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

আহতরা হলেন, ইউপি মেম্বর আকিদুল ইসলাম (৪০), কালু কাজি (৩৪) , বাবুল কাজি (২৩), আজিম সরদার (৩৫), চায়না বেগম (৩৭), নবু মোল্যা (৪৩), রমজান আলী (৩৬),  মোহাম্মদ কাজি(৪০),  আলি শিকদার (৪৫),  মোতালেব মিয়া (৩৯), ওহিদ কাজি (৫০), নিরু খানম (২০), বিজলী বেগম (৩২), বাসু কাজি (৪০), সোহরাব মিয়া (৪৫),  আওলাদ কাজি (৩৪), টুলু কাজি (৩৭)  প্রমুখ। আহতদের লোহাগড়া, নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  এলাকার পরিস্থিতি এখন ভালো।

ইত্তেফাক/নূহু