বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

ইত্তেফাক ডেস্ক

শনি ও রবিবার দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর:

স্বরূপকাঠি (পিরোজপুর): রবিবার সকালে স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের দোতলা কাঠের ঘর মালামালসহ ভস্মীভূত হয়েছে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। 

মুক্তাগাছা (ময়মনসিংহ): শনিবার রাতে মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজার সংলগ্ন ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লক্ষাািধক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মুক্তাগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।              

শ্রীপুর (মাগুরা): শনিবার গভীর রাতে শ্রীপুরের ছোনগাছা গ্রামে অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ ১১টি টিনের ঘর তিনটি গরু, পাঁচটি ছাগল ও নগদ প্রায় ২লাখ টাকা ভস্মীভূত হয়েছে।

ওই গ্রামের আরব আলী শেখের বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকসহ অন্যান্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।