মোরেলগঞ্জে শিশু চুরির ছয়দিন পর লাশ উদ্ধার

মূল হোতাসহ আটক ছয়

মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে জানালার গ্রিল খুলে মা-বাবার কোল থেকে আড়াই মাসের অসুস্থ শিশু আব্দুল্লাহ চুরি হওয়ার ছয়দিন পর রবিবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ চক্রের মূল হোতা হূদয় চাপরাশিকে আটকের পর তার স্বীকারোক্তি মত পুলিশ বিশারীঘাটা গ্রামের রহমান শিকারীর মত্স্য ঘেরের একটি পায়খানার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজবাহউদ্দিন, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, ডিবি পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ মোরেলগঞ্জ থানা ও জেলা ডিবি পুলিশের বিশাল টিম উপস্থিত ছিলেন। 

জানা যায়, দলিল লেখক সোহাগ হাওলাদারের পুত্র আব্দুল্লাহকে গত রবিবার রাত তিনটার দিকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে শিশু আব্দুল্লাহ ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর মোরেলগঞ্জ থানা পুলিশ, বাগেরহাট পিবিআই ও ডিবি পুলিশের কয়েকটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। ১৬ মার্চ শিশু চুরির মূল হোতা হূদয় চাপরাশীকে ঢাকার কল্যাণপুর থেকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হূদয়ের মা নাছিমা বেগম ও বোন আবির আক্তার, হূদয়ের চাচাতো ভাই মহিউদ্দিন চাপরাশী ও ফায়জুল চাপরাশীসহ ছয়জনকে আটক করা হয়। সেইসাথে পুলিশ অভিযান চালিয়ে হূদয় চাপরাশীর সুসজ্জিত কক্ষের মাটি খুঁড়ে চেতনানাশক স্প্রে, গ্যাস কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ চুরির কাজে ব্যবহূত অনেক মালামাল উদ্ধার করে।