সংবাদ সংক্ষেপ

চাঁদপুরে নায়েমের প্রশিক্ষণের

সনদপত্র ও পুরস্কার বিতরণ

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ৮ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন প্রফেশনাল ডেভেলপমেন্ট এর আওতায় ২৪০ জন শিক্ষকের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। শনিবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মহাপরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন বিভাগ) প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএ, বিপিএম।

লোহাগাড়ায় প্রশিক্ষণার্থীদের মাঝে

সনদপত্র বিতরণ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে ১৫ দিনব্যাপী ফরায়েজ ও আমিনশিপ প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে গতকাল রবিবার সনদপত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মোস্তাফিজুর রহমান কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন ও কলেজের উপাধ্যক্ষ হেছামুল হক। কলেজের শরীরচর্চা বিষয়ের শিক্ষক এসএস ইকবালের উপস্থাপনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণের কো-অর্ডিনেটর আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ওসমান গনি, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডামুড্যায় শ্রমিক লীগের বর্ধিত সভা

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে রবিবার উপজেলা চত্বরে এক বর্ধিত সভার আয়োজন করে শ্রমিক লীগ। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এছাহাক সিকদার কানু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বি.এম সাত্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন কামাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, পূর্ব মাদারীপুর কলেজের ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভা

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ট্রেন যাত্রীদের দুর্ভোগ, রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে জেলা নাগরিক কমিটি মানববন্ধন কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন করে আসছে। কিন্তু সেসব দাবি পূরণ না হওয়ায় আগামীতে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার  জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে নাগরিক কমিটির সভায় উপরোক্ত বিষয় ছাড়াও শহরে শব্দ দূষণ, নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক দখল, যাতায়াত স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. এ কে এম শাহাদাত্ হোসেন, আলহাজ্ব আবু হোরায়রাহ্, অ্যাড. মিন্টু ভৌমিক, আলহাজ্ব মকবুল হোসেন তালুকদার, আব্দুর রৌফ মোতাইদ, হাজী আব্দুস সালাম, অ্যাড. আব্দুল মালেক, এহছানউল্লাহ্ মাসুদ, ফারুক আহমেদ ভুঁইয়া, আল আমিন শাহীন, আবু কাউছার খান, নজরুল ইসলাম শাহজাদা, ফরিদ আহমেদ, সাদেকুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. হাবিব উল্লাহ্।

ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বেগম রোকেয়া শিশু নিকেতনের আয়োজনে শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর-রশীদ। এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া শিশু নিকেতনের অধ্যক্ষ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, শিশু নিকেতন পরিচালনা পর্ষদ সদস্য সাজ্জাদুর রহমান ভেক্টর ও প্রভাষক কামরুল হাসান।

শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে শনিবার র্যালি, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে এসএসসির ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হাসেম বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আতিকুল ইসলাম রিপন, বুয়েটের তড়িত্ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. ফোরকান উদ্দিন প্রমুখ। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ১৯৯৪ সালে প্রয়াত শিক্ষার্থীদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

নাসিরনগরে ফ্রি চিকিত্সা সেবা ক্যাম্প

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলার কালিউতায় ফ্রি চিকিত্সা ক্যাম্পে রবিবার রোগীদের দিনব্যাপী চিকিত্সা সেবা প্রদান করা হয়। কালিউড়া ফখরে বাঙ্গাল(রহঃ)স্মৃতি সংসদের উদ্যোগে মাধবপুর এ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্সের সহযোগিতায় এলাকার শতাধিক নারী ও পুরুষকে এই চিকিত্সা সেবা প্রদান করা হয়। কালিউতা বাজার চত্বরে এ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. আমিনুল ইসলামের নেতৃত্বে চিকিত্সকরা সেবা দেন। এ সময় ফখরে বাঙ্গাল (রহঃ) স্মৃতি সংসদের সভাপতি আমীর আহমদ, এ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক মোঃ মাহিন মিয়া ,সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।

মাদারীপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও সেমিনার

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ড. মো. মোজাম্মেল হক খান কলেজ প্রাঙ্গণে রবিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও হেলদি ফুড হ্যাবিট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে এই আয়োজন করা হয়। ড. মো. মোজাম্মেল হক খান কলেজ প্রাঙ্গণে জাইকা এলামনাই অ্যাসোসিয়েশন দিনভর এ আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিফ রিপ্রেজেনটেটিভ অব জাইকা, বাংলাদেশের হিরোশি হিরাতা। এতে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।