বিনিয়োগ বাড়াতে চীনে নতুন আইন পাস

ইত্তেফাক রিপোর্ট

বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা বাড়িয়ে নতুন একটি বৈদেশিক বিনিয়োগ আইন পাস করেছে চীনের পার্লামেন্ট। শুক্রবার ওই আইন পাসের ফলে চীনে বিদেশি বিনিয়োগের পথ সহজতর হবে বলে আশা করছে চীনা সরকার। বিবিসির সংবাদ অনুযায়ী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হবে। প্রথম খসড়া নিয়ে আলোচনার তিন মাস পর আইনটি পাস হলো। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বিরোধ নিরসনে এটাকে বেইজিংয়ের প্রথম ছাড় হিসেবে দেখছেন বিশেজ্ঞরা। গত বছরে শুরু হওয়া বাণিজ্য বিরোধে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি একে অন্যের হাজার হাজার কোটি ডলারের পণ্যে পাল্টা পাল্টি শুল্ক আরোপ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার কোটি ডলারের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ হয়েছে। নতুন আইনটির ফলে চীনের যৌথ অংশীদারদের কাছে বিদেশি কোম্পানিগুলোকে প্রযুক্তি হস্তান্তর করতে হবে না। নতুন আইনটির ফলে নেতিবাচক তালিকাভুক্ত কিছু খাত ছাড়া চীনের কোম্পানিগুলো যে সুযোগ-সুবিধা পাবে, বিদেশি কোম্পানিগুলোও একই সুযোগ-সুবিধা পাবে। শিগগিরই সংক্ষিপ্ত নেতিবাচক তালিকা ঘোষণা করা হবে চীনা সরকারের পক্ষ হতে। অদূর ভবিষ্যতে ওই তালিকা আরো ছোট করে আনা হবে। এছাড়া চীন তাদের মেধাস্বত্ব আইনও সংশোধন করবে।