বাঁশখালীতে সিনেমা স্টাইলে সন্ত্রাসী হামলা, তিন গৃহবধূকে নির্যাতন, ৭টি দোকানের মালামাল লুট, আহত ৪

বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় ৭টি দোকান ভাংচুর হয়েছে। একইসঙ্গে সন্ত্রাসী কায়দায় লুট করা হয়েছে দোকানের মালামাল ও নগদ টাকা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দোকানগুলোতে এ তাণ্ডব চালানো হয়। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পুরো বাজার এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এরপর ব্যবসায়ীদের মারধর করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারপর বাজারের ৭টি দোকান ভাংচুর করে মালামাল ও নগদ টাকা লুটপাট করে। তিন গৃহবধূকে নির্যাতন করে।

ফিরে যাওয়ার সময় তারা বাজারের পার্শ্ববর্তী দুইটি বাড়িতে লুটপাট করে ও মহিলাদের নির্যাতন করে। বাড়িতে থাকা স্বর্ণালংকার ও দামী আসবাবপত্র নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে এলে সন্ত্রাসীরা স্থানীয় কলিম উল্লাহ (৪২) নামে একজনকে তুলে গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে তার ওপর মারাত্মক শারীরিক নির্যাতন করে পরে ছেড়ে দেয়। 

ঘটনার শিকার গৃহবধূ জেয়াছমিন আক্তার, হামিদা বেগম, লাকি আক্তার এবং কলিম উল্লাহকে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার (ওসি) তদন্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, বিষয়টি আমরা অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্তরা এজাহার জমা দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/নূহু