সফলদের গল্পের আড়ালে নারীর দৈনন্দিন কান্না

অনুপ চক্রবর্তী

সবাই মিলে ভাবো,/নতুন কিছু করো।/নারী-পুরুষ সমতায়,/নতুন বিশ্ব গড়ো—প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে এবছর আন্তর্জাতিক নারী দিবস। সময়ের দাবিতে বাংলাদেশের নারীদের অধিকারের বিষয়ে সমতা বিধানের লক্ষ্যে সরকারিভাবে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। অন্দরমহলের সেই আলো আঁধারির যুগ কাটিয়ে নারী ক্ষমতায়নের সূচকে এগিয়েছে বাংলাদেশও। কিন্তু এগিয়ে যাওয়ার পরও বাংলাদেশে একজন মেয়ের শুধুমাত্র মেয়ে হবার জন্য ঘরের বাইরে চলাচল করাটা কতটা অসহ্য যন্ত্রণার তা আমাদের মা কিংবা আমাদের বোনের গল্প থেকে ভালো জানা যায়। একটা সময় আমরা শুধু পারিবারিকভাবে নারী নির্যাতনের খবর দেখতাম। অথচ ধর্ষণের মতো মারাত্মক সামাজিক অবক্ষয়ের ঘটনার খবর এখন আমাদের নিত্যদিনের পাঠ্য। রাস্তায় বেরুনো প্রতিটি নারীর মানসিকভাবে নির্যাতিত হবার বেদনার গল্প আছে যা আমাদের অজানাই থেকে যায়। হয়ত জানা হয় না একজন মেয়ে দিন শেষে যখন ঘরে ফেরেন তখন তার শরীরের প্রতিটি অঙ্গে মোড়ের চায়ের দোকানের, গণপরিবহনের, শিক্ষাপ্রতিষ্ঠানের কিংবা কর্মক্ষেত্রের হাজার পুরুষের চোখ দিয়ে করা আঘাতের কি পরিমাণ দাগ লেগে থাকে সেসব কথা। পদে পদে ইভটিজিং-এর মতো কদর্য শব্দের কথা। তবে যে দেশে ধর্ষণের মতো ঘটনা অহরহ ঘটে যাচ্ছে সে- দেশে একটি দিন পার করে ঘরে ফেরা মেয়েটি এসব বাজে অভিজ্ঞতা নিয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলে এই ভেবে যে সে শারীরিকভাবে তো অক্ষত আছে! কাগজে ছাপা হওয়া একজন সফল নারীর ছবি বা নারী ক্ষমতায়নের সূচকে অগ্রগতির পরিসংখ্যান দিয়ে কখনোই এদেশের সাধারণ নারীদের সার্বিক অবস্থাকে মাপা সম্ভব নয়। কারণ বিকারগ্রস্ত আমাদের সমাজ ব্যবস্থা নারীকে আজো মানুষের মর্যাদা দেয়নি।

একজন নারীর রাস্তায় নিরাপদে হাঁটার স্বাধীনতা দরকার। পারিবারিক এবং সামাজিকভাবে নারীদের সম্মানের স্বীকৃতি দরকার। দরকার প্রচলিত আইনের সীমাবদ্ধতা দূর করে আইন প্রণয়নে আরো জোরালো এবং বাস্তবধর্মী প্রয়োগ। “দেশ অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে” শুধুমাত্র এই মোহে আটকে থাকলে কখনোই এদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় যদি না আমরা মানুষ হিসেবে উন্নত হই। মানুষ হিসেবে এখনো আমাদের সামগ্রিক অবস্থান অর্থনৈতিকভাবে সবচেয়ে ভঙ্গুর দেশের প্রবৃদ্ধির চেয়েও কম বৈকি বেশি নয়। রাস্তাঘাটে নারীদের উপর চলতে থাকা মানসিক নির্যাতন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার এখনই। আগামীর পৃথিবী হোক সকল মানুষের শান্তি ও স্বস্তির আবাসস্থল।

n লেখক :শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়