বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০১৯ উপলক্ষে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচি অনুযায়ী সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ সেবায় আত্মনিয়োগের জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন লেঃ কর্নেল মোঃ আমিনুল হক, পিপিএম, সুবেদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোসাঃ ফাহিমা খাতুন। বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পিলখানাস্থ কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া করা হয়। বিজিবি মহাপরিচালকসহ পিলখানায় কর্মরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি