নারীরা আজ কোন কিছুতেই পিছিয়ে নেই। ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ নজরুলের কবিতার এই চিরন্তন কথার মতোই আজ সারাবিশ্বের মেয়েরা এগিয়েছে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে। এ পদক্ষেপে বাংলাদেশের নারীরাও পিছিয়ে নেই। কখনো তারা এককভাবে আবার কখনো যৌথভাবে বিভিন্ন অঙ্গনে রেখেছে সাফল্যের ছাপ।
রবিবার জাপানের টোকিওতে ৫ নারীর উদ্যোগে এমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ উৎসব আয়োজিত টোকিও পান্তা ইলিশ শিরোমের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
উদ্যোক্তা ৫ জন নারীরা হলেন- শাদ্দী আহমেদ, শাহানাজ পারভীন শীলা, শায়লা হোসেন আন্নি, শাহারা আক্তার মিলি, আফসানা তসি।
রবিবার টোকিওস্থ কামিনাকাজাতোতে অবস্থিত তাকিনোগাওয়া বুনকা সেন্টারে স্থানীয় সময় দুপুর ১২ টায় অনুষ্ঠানটি শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমি একজন নারী। নারী হিসেবে যখন দেখি আমার দেশের অন্যান্য নারীরা বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে তখন অনেক ভালো লাগে। আজ জাপানের মতো দেশে নারীদের উদ্যোগে আয়োজিত এমন অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে।
আগামীতে এই প্রোগ্রাম আরো বড় করে করারও আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই অনুষ্ঠানটি দ্বিতীয়বারের মতো হচ্ছে। আগামীতে আরো বড় পরিসরে এর আয়োজনে দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে।
এসময় তিনি অনুষ্ঠানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
রাবাব ফাতিমা বলেন, ঈদে এরকম যদি আরো একটি অনুষ্ঠান করা যেত তাহলে তা আমাদের দেশের ঐতিহ্যকে জাপানের বুকে ছড়িয়ে দিতে আরো বেশি সহায়ক হতো।
অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও ঘরোয়া গেমসের আয়োজন করা হয়। পান্তা ইলিশ ছাড়াও ২২ রকমের দেশীয় ভর্তা, জিলাপী, সিংগারা খাওয়ানো হয় অতিথীদের।IMG0
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ছাড়াও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাপানের বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার, নাসিরুল হাকিম, শহীদুল ইসলাম হীরু, জাপান আওয়ামী লীগের সভাপতি সালেহ মো. আরিফ ও সাধারণ সম্পাদক মো. খন্দকার আসলাম হিরা, জাপান বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, জাপান বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মিঠু, জাপান-বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দ, রাজনৈতিক-অরাজনৈতিক বাংলাদেশি প্রবাসীসহ অনেক জাপানি নাগরিক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কামরুল হাসান জুয়েল ও সাদিয়া আহম্মেদ।