সাভারের আশুলিয়ায় পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ও পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
অন্যদিকে পল্লী বিদ্যুৎ কবর স্থান রোডে একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশ তিনটির গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনটি লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির। তিনি আরো জানান, কীভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।