গাংনীতে আওয়ামী লীগ নেতাকে মারধর, বিএনপি প্রার্থীর মাইক ভাঙচুর

 
 
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বজলুল রশিদ। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নির্বাচনী প্রচারকালে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থীর কয়েকটি প্রচার মাইক ভাঙচুর করা হয়।
 
জানা গেছে, বজলুল রশিদ তেরাইল গ্রাম থেকে মোটর সাইকেলযোগে বামন্দী ফেরার পথে বামন্দী বাস স্ট্যান্ডে পৌঁছালে কয়েক যুবক তার উপর হামলা চালায়। লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে বজলুল রশিদ ও তেরাইল গ্রামের আশরাফকে। এ ঘটনায় বিএনপির কয়েকজন কর্মীকেও পিটিয়ে আহত করা হয়। হামলাকারী কয়েক যুবক বামন্দী বাজারে বিএনপি প্রার্থী আমিরুল ইসলামের প্রচার মাইক ভাঙচুর করে। আহতদেরকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়।
 
এদিকে খবর পেয়ে আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম বিশ্বাসের কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে তেরাইল গ্রাম থেকে মিছিলসহ বামন্দী বাজারে গিয়ে জড়ো হয়। তবে পুলিশের আশ্বাসে তারা ফিরে আসে।
 
শহিদুল ইসলাম বিশ্বাস জানান, স্বতন্ত্র প্রার্থী হবিবুর রহমান হবির লোকজন এ হামলার সঙ্গে জড়িত। তাদের বিচার দাবি করেন তিনি।
 

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, ঘটনা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।