খুলনায় উত্তরা ব্যাংকের প্রায় ১৯ কোটি টাকা আত্মসাত্ মামলায় পাট ব্যবসায়ী সুজিত কুমার ভট্টাচার্য ওরফে লক্ষ্মণ বাবুকে (৫০) গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সদস্যরা বুধবার বিকালে নগরীর নূর নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, ১৯৯৭ সালে উত্তরা ব্যাংক থেকে ৩ প্রকারে ১ কোটি ২৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন উত্তরা জুট ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সুজিত কুমার ভট্টাচার্য ওরফে লক্ষ্মণ বাবু। কিন্তু সময়মত ঋণ পরিশোধ না করায় ২০১৫ সালে এসে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ কোটি টাকা। ব্যাংকের তদন্তে প্লেজ ঋণ নেয়ার পর গুদামে ১৮ কোটি টাকার পাট ঘাটতি ধরা পড়ে। এ সময় তার গুদামে মাত্র ১ কোটি টাকার পাট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৫ সালের ১১ জুন উত্তরা ব্যাংক খুলনা শাখার ডিজিএম মো. ইব্রাহিম উদ্দিন নগরীর দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রতারণা করে ব্যাংক থেকে ১৮ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মোশারেফ হোসেন মামলাটি তদন্তভার গ্রহণ করেন। মামলা দায়েরের ১০ মাস পর বুধবার বিকালে তিনি নূর নগর এলাকা থেকে সুজিত কুমার ভট্টাচার্যকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, দুদক থেকে সুজিত নামে এক পাট ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ সুজিতকে থানা হাজতে রেখেছে। দুদকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।