বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে শফিক রেহমান প্রতিষ্ঠিত সংগঠন সাপোর্ট লাইফ ইউকে। এই সংগঠনের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচেপল এ একটি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: আগামী ১৭ মে যুক্তরাজ্যে (লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার), ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন শহরে বাংলাদেশ মিশনে স্বারকলিপি পেশ। জুন মাসব্যাপী জনসংযোগ এবং বিভিন্ন কুটনৈতিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের দফতরে সভা ও জনসংযোগ। ১২ জুলাই মঙ্গলবার লন্ডনের হাইড পার্কে একই দাবিতে সমাবেশ। দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে কনভেনশন- জুলাই শেষ সপ্তাহে। এরপর দাবি বাস্তবায়িত না হলে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে।
সলিসিটর বিপ্লব পোদ্দারের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন। আর শফিক রেহমানের মামলার চার্জশিট ও রায়ের তথ্য পর্যালোচনা করে উপস্থাপন করেন ব্যারিস্টার মাহাদী হাসান।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুল আলম লিটন বলেন,বিবিসির প্রাক্তণ সাংবাদিক শফিক রেহমান একজন ‘অনুসন্ধানী সাংবাদিক’। কোনো বিষয় না খতিয়ে ও প্রমাণ সংগ্রহ ছাড়া লেখেন না। তিনি সাংবাদিক হিসেবে হয়তো তথ্য সংগ্রহ করে রেখেছেন। তাতে তো তাঁর কোন অপরাধ হতে পারে না। সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান তার বয়স, অসুস্থতা ও রিমাণ্ডের নামে নির্যাতনের ফলে তার জীবনহানির যে আশঙ্কা করেছেন তা উল্লেখ করে সংবাদ সম্মেলনে গভীর উদ্ধেগ প্রকাশ করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভয়েস ফর জাস্টিস’এর প্রধান ড. এম হাসনাত হোসেইন,বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউ কে’র প্রেসিডেন্ট আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার হাসনাত, সাংবাদিক অলিউল্লাহ নোমান প্রমুখ।