গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নৌকার মাঝিসহ দুইজন গুরুতর আহত হন। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রহ্মমপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামাড়ি গ্রামের মৃত জহর উদ্দিন মন্ডলের ছেলে গোলাপ উদ্দিন (৪২) ও একই ইউনিয়নের পূর্ব খাটিয়ামাড়ি গ্রামের মৃত হাসেন প্রমাণিকের ছেলে ভিক্ষু মিয়া (৩৬)।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জালাল জানান, গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া মহিষ ও গোড়া কেনার জন্য দেওয়ানগঞ্জের সারন্দাবাড়ি হাটে যান। সেখান থেকে তারা দুইটি মহিষ ও একটি ঘোড়া কিনে ব্রম্মপুত্র নদ হয়ে নৌকা করে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকায় দুই নারীসহ আরও ৪-৫ জন যাত্রী ছিল। নৌকাটি এরেন্ডাবাড়ী ইউনিয়নের ব্রম্মপুত্র নদের জিঘাবাড়ি ঘোন এলাকায় পৌঁছলে আকাশে বিদ্যু চমকাতে থাকে। পরে বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাতে ঘটনা ঘটে। এতে গোলাপ উদ্দিন ও ভিক্ষু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া নৌকার মাঝি মোজাম্মেল হকসহ দুইজন গুরুত্বর আহত হন।
ফুলছড়ি থানার (তদন্ত) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জালালের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।