যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালন

কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করল বাংলাদেশ নামক ভূখণ্ডের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃপ্ত শপথে গতকাল রবিবার বাঙালি জাতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুকে। জাতির পিতার প্রতিকৃতি ও মাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, গ্রন্থমেলা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়। একই সঙ্গে জাতীয় শিশু দিবসও পালিত হলো। গতকাল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে| দিবসটি উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর তৈরি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল অভিবাদন জানায়। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করেন। সকাল ১০টা ১৯ মিনিটে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

জাতির পিতার প্রতি জেপি’র শ্রদ্ধা

জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে জেপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৮টায় দলের সাধারণ সম্পাদক ও সাবেকমন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে জেপি’র নেতাকর্মীগণ মিছিল সহকারে ধানমন্ডি ৩২ নম্বর রোডস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো.মাহফুজ আলম, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম দপ্তর জীবন কৃষ্ণ, কুমিল্লা জেলার সহ-সভাপতি (উত্তর) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জাতীয় যুব সংহতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন নান্নু, জেড সেলিম, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা,  সদস্য আব্দুস সবুর, জুবাইরুল ইসলাম মঞ্জু, ঝর্ণা বেগম, মোঃ এমিল, তানজিল মাহমুদ এম এম বিপ্লব, শেখ মাসুদুর রহমান রানা প্রমুখ। পরে সমবেত নেতা ও কর্মীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম জাতির পিতার দেশপ্রেম ও জনকল্যাণের রাজনীতিতে উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আগামী বছর জাতির পিতার শততম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের ঘোষণা দিয়ে শেখ শহীদুল ইসলাম বলেন, জাতীয় পার্টি-জেপি এ উপলক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া জেপি নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।