সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস শ্রমিকদের মারধর, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে পাবনা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি।
বুধবার রাত সাড়ে ১০টায় পাবনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে মোটরশ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। বৃহস্পতিবার সকাল থেকে পাবনায় যানবাহন চালচাল স্বাভাবিক হয়েছে।
শ্রমিক নেতারা জানান, আলোচনার জন্য বুধবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মালিক-শ্রমিক নেতাদের পাবনায় আসার কথা ছিল। কিন্তু তারা আসেননি। সারাদিন অপেক্ষার পর পাবনা জেলা প্রশাসন স্থানীয় মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আর হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিলে পাবনার মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল থেকে পাবনার সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।