সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই এলাকার বিভিন্ন স্থানে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে দুপুর নাগাদ সুন্দবনের আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে বলে আশা করছে ফায়ার সার্ভিস।
বুধবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুন লাগে। স্থানীয় দুর্বৃত্তরা এবারও সুন্দরবনে আগুন দিয়েছে বলে বন বিভাগ দাবি করেছে। গত ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তকে আসামি করে বন বিভাগ পৃথক দু’টি মামলা করে।
ওই মামলার আসামিরা বন বিভাগের ওপর ক্ষুব্ধ হয়ে এ আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ।