সাভারে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সাভারের ইমান্দিপুর ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, রাতে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় ভাড়া বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গৃহবধূ শম্পা বেগমের (২৮) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। এসময় তাকে উদ্ধার করে দ্রুত সাভার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক কাজল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ শম্পা বেগমের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে গতকাল রবিবার ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার ভাড়া বাড়িতে নিজ ঘরে গৃহবধূ এলিজার (২৫) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাক চাপায় পাঠাও চালকের মৃত্যু
সাভারে ট্রাকের চাপায় রাইড শেয়ারিং পাঠাওয়ের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। রবিবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্দুল ওয়ালিদ চৌধুরী (২৭)। তিনি রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন চৌধুরীর ছেলে। ট্রাক চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।