বানারীপাড়ায় নৌকাডুবি: নানার লাশ উদ্ধার, নাতি নিখোঁজ

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবিতে নানা নিহত ও নাতি নিখোঁজ রয়েছে।
 
বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়াইলবাড়ি এলাকায় সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠি গ্রামের চা দোকানী আনোয়ার হোসেন তার স্ত্রী সালেহা ও নাতি মাহিনকে সঙ্গে নিয়ে নাতির আকিকা দেয়ার জন্য খোদবখশা গ্রামে ভায়রা মজিদ বালীর বাড়ি থেকে খাসি নিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজে নৌকা বেয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা নদীর গোয়াইলবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা কাঠভর্তি ট্রলারের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। স্থানীয় লোকজন নিহত আনোয়ার হোসেনের (৬০) লাশ ও আহত অবস্থায় তার স্ত্রী সালেহা বেগমকে (৫৫) উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত সাড়ে পাঁচ বছর বয়সী নাতি মাহিন নিখোঁজ রয়েছে।মাহিন ব্রাক্ষ্মনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
 
বৃহস্পতিবার তার আকিকা অনুষ্ঠানের কথা ছিল। সেই দিনই সে নিখোঁজ হয়।