দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণের লক্ষ্যে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার নিয়োগে অনিয়ম প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নৌকা প্রতীকের দলীয় প্রার্থীরা।
আওয়ামী লীগ ১৩নং জোয়াগ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মেহেদী হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘৭ এপ্রিল ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্দিষ্ট দল ও দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ২০ দলীয় জোটের অন্যতম শরীকদল এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিভিন্ন কলেজ এবং জামায়াত সমর্থিত বিভিন্ন মাদরাসা শিক্ষকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগ পত্রের প্রিজাইডিং অফিসার মো. আবু তাহের মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক। তিনি ২০১৪ সালে বিএনপি মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।’
তিনি আরো বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অভিযুক্ত ব্যক্তিদের প্রিজাইডিং অফিসারের তালিকা থেকে বাদ দিতে আমরা জেলা সিনিয়র নির্বাচন অফিসার বরাবর লিখিত আবেদনও করেছি।’
এ সময় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, উপজেলা মহিলালীগ নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মজিবুর রহমান, একেএম মামুনুর রশিদ আবু, আবুল হাসেম, সাইফুল ইসলাম শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।