ময়লা ছিটিয়ে ময়লা পরিষ্কার!

রাস্তায় ময়লা ছিটিয়ে সেই ময়লা অপসারণের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। গতকাল রবিবার রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে এ ঘটনা ঘটেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্র’ কর্মসূচি আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উদ্বোধন করেন ডিএনসিসি সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। সেই অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, পরিষ্কার সড়কটিতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ভ্যানগাড়িতে করে ছেঁড়া পোস্টার ও কাগজপত্র সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হচ্ছে। ডিএনসিসির দু’জন পরিচ্ছন্নতাকর্মী ময়লা কাগজ টুকরো টুকরো করে সড়কে ফেলে যাচ্ছেন। হ্যান্ডমাইক হাতে মেয়র আনিসুল হকের ‘লাভ ঢাকা’ কর্মসূচির একজন কর্মীকে এ সময় তাদের (পরিচ্ছন্নতা কর্মীদের) সেই ফেলে দেওয়া ময়লা অপসারণের মাধ্যমে নির্দেশনা দিতে দেখা যায়। 

বেলা পৌনে ১২টার দিকে মেয়র আতিকুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে সড়কটিতে পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করতে আসেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে সড়কটিতে পরিষ্কার অভিযানে নামেন মেয়র আতিকুল ইসলাম। এ নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন কর্মসূচিতে অংশ নেওয়া অনেকে।

এ সময় মেয়র বলেন, যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান নেতা এবং ৩০ লাখ শহীদ শুয়ে আছেন সে দেশের রাজধানী ঢাকা অপরিচ্ছন্ন থাকতে পারে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করবেন। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করব, আর ঢাকা হবে প্রাচ্যের সুইজারল্যান্ডের রাজধানী।