রাজশাহীতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

এবার রাজশাহী মহানগরীর মালোপাড়া বাটার মোড়ের একটি স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 
ডাকাতরা দোকানের মালিক মণিষ রায়কে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বোমার স্প্রিন্টারে দোকানের কর্মচারী ও এক ফুটপাত ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
 
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে মালোপাড়া পুলিশ ফাঁড়ি অবস্থিত। ডাকাতি বুঝতে পেরে স্বর্ণ ব্যবসায়ীরা পুলিশে খবর দিলেও যথাসময়ে পুলিশ আসেনি বলে দাবি করে তারা ডাকাতিতে পুলিশের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ তুলেছেন।
 
স্বর্ণের দোকানিরা জানিয়েছেন, ডাকাতি সংঘটিত হয় রাজশাহী মহানগর পুলিশের মালোপাড়া ফাঁড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে। তারা অভিযোগ করেন, ডাকাতি সংঘটিত হওয়ার সময় ফাঁড়ি থেকে পুলিশ বের হয় নি। তবে ফাঁড়ির পুলিশের দুই জন সদস্য নাম না প্রকাশ করে জানিয়েছেন, তারা ছিলেন মাত্র ৬ জন। ডাকাতির সময় বাধা দেয়ার মতো শক্তি তাদের ছিলো না। এ কারণে তারা বের হয় নি।