বগুড়ার শাজাহানপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বগুড়ার শাজাহানপুরে সৎ (বৈমাতৃয়) ছোট ভাইয়ের বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের হাতে থাকা লোহার সুলপির (মাটি কাটার কাজে ব্যবহৃত) আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। পুকুরে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৬টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের দহিকান্দি গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের নাম মাহবুবুর রহমান (৫২)।
স্থানীয় সূত্র জানায়, দহিকান্দিগ্রামের মৃত মিয়াজান আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে নজরুল ইসলাম (৪২) ও প্রথম স্ত্রীর ছেলে মাহবুবুর রহমানের মধ্যে তাদের পৈত্রিক সম্পত্তি একটি পুকুর বিবাদ চলছিল দীর্ঘদিন থেকে। ওই পুকুর নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই তাদের মধ্যে আবারও বিবাদ শুরু হয়। এই দ্বন্দ্বের জের ধরেই নজরুল ইসলাম লোহার সুলপি দিয়ে বড়ভাই মাহবুবুর রহমানকে আঘাত করেছে।
নিহতের স্বজনেরা জানান, পুকুরে মাটি কাটা নিয়ে সকালে ঝগড়া-বিবাদ হলেও বিকেলে তেমন ঝগড়া-বিবাদ ছিল না। বিকেল পৌনে ৬টার দিকে নজরুল ইসলাম হঠাৎ করেই বাড়ির ভিতর থেকে লোহার সুলপি নিয়ে এসে মাহবুবুর রহমানের বুকে ঢুকিয়ে দেয়।
ঘটনার পর মাহবুবুর রহমানকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে অবস্থা গুরুতর দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানকার চিকিৎসকেরা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জেনেছি। তবে কোন অভিযোগ পাইনি। ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ।