বান্দরবানে নির্বাচনী গাড়ি দুর্ঘটনায় নারী আনসার সদস্যের মৃত্যু

বান্দরবানের লামা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় নির্বাচনী মালামাল নিয়ে কেন্দ্রে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় হাফিজা খাতুন (২৮) নামের এক নারী আনসার সদস্য নিহত ও অন্তত আরো ১৮জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চকোরিয়া, লোহাগাড়া ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকোরিয়া হারবাং এলাকায় একটি পিকআফের সঙ্গে নির্বাচনের গাড়িটির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহতরা হল, পুলিশের এএসআই জসীম উদ্দিন, আনসার সদস্য জুলেখা, আবুল হোসেন, রফিকুল ইসলাম, আনসার সদস্য সালমা বেগম,  মো. রনি, তরিকুল ইসলাম, প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিন, সহকারী প্রিসাইডিং অফিসার -শিক্ষক কমল কিরণ চাকমা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মৃণাল কান্তি বড়ুয়া, সহকারী শিক্ষক মো. ফারুক, পুলিশ সদস্য মহিউদ্দিন, পৌল রায় ও সাখাওয়াত হোসেন এবং গাড়ি চালক  মো. জাফর।

লামা উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমী জানান, প্রিজাইডিং অফিসার একজন, সহকারী প্রিসাইডিং অফিসার দুইজন ও পুলিশের চার সদস্যের অবস্থা আশঙ্কা জনক। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আনসার সদস্য হাফিজা খাতুনের মুত্যু হয়। 

অপরদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলায় নির্বাচনী কাজে নিয়োজিত দুই কর্মকর্তা সিএনজি গাড়িতে করে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করতে যাবার পথে আহত হয়েছেন। আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছেন।