যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে বাংলাদেশি দম্পতি হত্যাকাণ্ডে তাদের বড় ছেলে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিব গোলাম রাব্বি (২২) আর বাবাকে হত্যার দায় স্বীকার করেছে। কিন্তু মাকে হত্যার বিষয়টি অস্বীকার করেছে।
পুলিশ বলছে, হাসিবের দাবি, অজ্ঞাত এক ব্যক্তি হাসিবকে আঘাত করেছিল। তার নির্দেশে হাসিব তার বাবাকে গুলি করে হত্যা করে।
তবে হাসিবের ছোট ভাই ওমর (১৭) বলেছে, হাসিব তার বাবা-মা দুইজনকেই গুলি করে হত্যা করেছে। হাসিব তাকে বাবার মৃতদেহ পরীক্ষা করতে বলেছে। তার দেহের রক্ত যাতে গড়িয়ে দরজার বাইরে না যায় সেটি দেখতে বলেছে। এনিম কনভেনশন সেন্টারে পৌঁছানোর আগে অপরাধের চিহ্ন প্রকাশ পাবে না নিশ্চিত করে তারা সেখান থেকে সরে যায়। তবে কোনো অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করেনি ওমর।
শুক্রবার সান হোসের পুলিশ সার্জেন্ট পেট্রিক গুয়ের নিহত দম্পতির দুই ছেলের বিরুদ্ধে আদালতে ‘হত্যার অভিযোগ’ ও দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের তথ্য দাখিল করেছে।
এর আগে বাবা গোলাম রাব্বী (৫৯) ও মা শামীমা রাব্বীকে (৫৭ হত্যার দায়ে দুই ভাইকে গ্রেফতার করে তাদের জামিনঅযোগ্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।