খুলনায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে তাপস বিশ্বাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলা সদরের কাজদিয়ায় বলরাম সেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস বাগেরহাট জেলার মোংলার ত্রিবাস বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ ধরে তাপস রূপসা উপজেলা সদরের কাজদিয়া গ্রামের বলরাম সেনের বাড়িতে কাজ করছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দোতলা বাড়ির ছাদ পরিষ্কার করতে গিয়ে অসতর্কতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বলরাম সেনের দোতলা বাড়ির ছাদ ঘেঁষেই বিদ্যুতের লাইন রয়েছে। তাপস অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় রূপসা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু