যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি হত্যা মামলার শুনানি শুরু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি দম্পতি হত্যা মামলার শুনানি শুরু হয়েছে। সান হোসের সান্তা ক্লারা কাউন্টি কোর্টে বৃহস্পতিবার মামলাটির শুনানি হয়। নিহত গোলাম রাব্বি ও শামীমা রাব্বির দুই ছেলে হাসিব (২২) ও ওমর (১৭) খুনের অভিযোগে আদালতে হাজির করা হয়।
 
স্থানীয় পত্রিকা সান হোসে মাকিউরি নিউজ জানিয়েছে শুনানির সময় ছোট ছেলে ‘অপ্রাপ্তবয়স্ক’ ওমরকে আদালতের এজলাসের বাইরে এমনভাবে রাখা হয়েছিল, যেন বিচারক শ্যারন এ চাটম্যান ছাড়া কেউ তাকে দেখতে না পান। আর বড় ছেলেকে আদালতে হাজির করা হলেও সে টিভি ক্যামেরা থেকে মুখ লুকাতে মাথা নিচু করে রাখেন। যেসব তথ্য-প্রমাণ এসেছে তার ভিত্তিতে দুই ভাইয়ের বিচার শুরু করা সম্ভব কিনা সেটাই জানতে চাওয়া হয়েছে প্রাথমিক শুনানিতে।
 
ছোট ভাই দ্রুত সময়ে বিচারের জন্য মত দিলেও বড় ভাইয়ের আইনজীবী বলেছেন, রাষ্ট্রপক্ষের দেয়া তথ্য পর্যালোচনার জন্য তারা আদালতের কাছে সময় চাইবেন। বর্তমানে দুই ভাই জামিন অযোগ্য আটকাবস্থায় রয়েছে। 
 
গত ২৪ এপ্রিল সান হোসের নিজ বাড়ি থেকে গোলাম রাব্বি (৫৯) ও তার স্ত্রী শামীমা রাব্বির (৫৭) লাশ উদ্ধার করে পুলিশ। বাবা-মাকে খুনের অভিযোগে পরে তাদের দুই ছেলেকে গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে বড় ছেলে হাসিব তার বাবা গোলাম রাব্বিকে খুনের কথা স্বীকার করলেও, মা’কে হত্যার বিষয়টি অস্বীকার করেছে। তবে বাবা-মা দুজনকেই বড় ভাই হাসিব খুন করেছে বলে ওমর জানিয়েছে।
 
নিহত রাব্বি প্রকৌশলী এবং শামিমা হিসাবরক্ষক ছিলেন। তারা দুজনই সান হোসের এভারগ্রিন ইসলামিক সেন্টারের সদস্য ছিলেন।