কসবায় তামিম হত্যাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবায় বায়েক শাহআলম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র মাজহারুল ইসলাম তামিম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুরে এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনে হত্যাকারীদের বিচারের দাবিতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তামিমের বৃদ্ধা মা ফরিদা ইয়াসমিন ও বড়ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদসহ এলাকাবাসী।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল করিম, কসবা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, নয়নপুর বাজার কমিটির সেক্রেটারি আবুল খায়ের, ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ জসিম, যুবলীগ নেতা আল-আমিন, শরীফুল ইসলাম ও বায়েক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি নাসিমা আক্তার।

গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে তামিমকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী খাদলা গ্রামের শাকিবসহ হত্যাকারীরা এবং অনেক খোঁজাখুঁজির পরদিন ২৬ ফেব্রুয়ারি বিকেলে সীমান্তের ২০৪৯ নং পিলারের কাছ থেকে তামিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই বাদী হয়ে শাকিবসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।