স্পোর্টস ডেস্ক
মঞ্চটা প্রস্তুত হয়েই ছিল। দেহরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অপেক্ষা ছিল কেবল শেষটা রাঙিয়ে দেওয়ার। আর তাতে পুরোপুরি সফল আফগানিস্তান। এরই মধ্য দিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল আফগানরা। সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আফগানরা। এক ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিলো আফগানিস্তান।
টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিলো আফগানরা। এর আগে এত কম সময়ে টেস্ট জয়ের নজীর গড়েছিল আরও চারটি দল। এর মধ্যে প্রথম টেস্টেই জিততে পেরেছে কেবল অস্ট্রেলিয়া। সেটা অবশ্য টেস্টের ইতিহাসেরই প্রথম ম্যাচ। অন্যদিকে প্রথম টেস্ট জিততে দু’টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও পাকিস্তান। এবার তাদের সঙ্গে যোগ হলো আফগানিস্তানের নাম।
তৃতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিল যে, এই টেস্টে আফগানদের পাল্লাটাই ভারী। তৃতীয় দিন শেষে আফগানদের সামনে ম্যাচ জয়ের সমীকরণ ছিল নয় উইকেট হাতে নিয়ে আরও ১১৮ রান। জয়ের জন্য ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিন এক উইকেটে ২৯ রান করেছিল আফগানিস্তান। এহসানউল্লাহ ১৬ ও রহমত শাহ ১১ রান নিয়ে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনও ব্যাট হাতে অবিচল ছিলেন এহসানউল্লাহ ও রহমত। প্রথম টেস্ট জয়ের আশায় উন্মুখ হয়ে ছিলেন তারা। তাই বড় জুটির প্রত্যাশায় সতর্কতার সঙ্গে নিজেদের উইকেটে টিকিয়ে রেখেছিলেন এহসানউল্লাহ ও রহমত। সেই সঙ্গে রানের চাকাও সচল রেখেছিলেন এই দুই ব্যাটসম্যান।
ফলে দলের স্কোর শতরানের কোটা পেরিয়েও যায়। তারপরও বিচ্ছিন্ন হননি তারা। ধীরে ধীরে দলের লক্ষ্য পূরণের পথেই হাঁটতে থাকেন এ জুটি। এরমধ্যে দু’জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। এহসানউল্লাহ’র প্রথম হলেও রহমতের ছিল এটি দ্বিতীয় হাফ সেঞ্চুরি। দু’টোই তিনি পেয়েছেন এই ম্যাচে।
তবে দলীয় ১৪৪ রানে বিচ্ছিন্ন হন এহসানউল্লাহ ও রহমত। ৭২ রান করা রহমতকে শিকার করেন আয়ারল্যান্ডের বাঁ-হাতি স্পিনার ক্যামেরন ডউ। ১২১ বল মোকাবিলা করে ১২টি চার মারেন তিনি। এরপর উইকেটে গিয়ে এক বলে এক রানের বেশি করতে পারেননি মোহাম্মদ নবী। এক রানের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে হারিয়েও চিন্তায় পড়তে হয়নি আফগানিস্তানকে। কারণ জয় থেকে তখন মাত্র দুই রান দূরে দাঁড়িয়ে আফগানিস্তান।
দলের প্রয়োজন মিটিয়ে আফগানিস্তানকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন রহমত ও হাসমতুল্লাহ শাহিদি। রহমত ৮টি চার ও দু’টি ছক্কায় ১২৯ বলে অপরাজিত ৬৫ ও শাহিদি ৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।
এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আফগানিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়। ফলে বলা যায়, গোটা সিরিজটাই আফগানদের জন্য স্মরণীয় হয়েই রইল। - বাসস/ক্রিকবাজ
প্রথম টেস্ট জিততে অপেক্ষা
দল টেস্ট
n অস্ট্রেলিয়া ১
n ইংল্যান্ড ২
n পাকিস্তান ২
n আফগানিস্তান ২
n ওয়েস্ট ইন্ডিজ ৬
n জিম্বাবুয়ে ১১
n দক্ষিণ আফ্রিকা ১২
n শ্রীলঙ্কা ১৪
n ভারত ২৫
n বাংলাদেশ ৩৫
n নিউজিল্যান্ড ৪৫