জুভেন্তাসের প্রথম হার

ডার্বি জিতল ইন্টার

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী জুভেন্তাস সিরি আ’তে চলতি মৌসুমে প্রথম হারের মুখোমুখি হয়েছে। জেনোয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা।  এদিকে মৌসুমের দ্বিতীয় মিলান ডার্বিতে ৩-২ গোলের এক রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মিলান।

আগের ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল। তার পরেই এলো এই হারটি। সাবেক জুভে মিডফিল্ডার স্তেফানো স্তুয়ারারোর গোলে ৭২ মিনিটে পিছিয়ে পড়ে জুভেন্তাস। ৮০তম মিনিটে গোরান পান্দেভের লক্ষ্যভেদের ফলে লিগে প্রথম হার নিশ্চিত হয় তাদের। তবে এই হারের ফলে তালিকায় বড় কোনো পরিবর্তন আসেনি। ২৮ ম্যাচে ৭৫ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলি থেকে ১৫ পয়েন্টে এগিয়ে আছে তারা। এদিকে মিলান ডার্বিতে পাঁচ গোলের রোমাঞ্চে শেষ হাসি হেসেছে ইন্টার। মাতিয়াস ভেচিনোর গোলে শুরুতেই এগিয়ে যাওয়া ইন্টার ৫১ মিনিটে স্তেফান দি ভ্রাইয়ের গোলে ব্যবধান বাড়ায়। তবে ৫৭ মিনিটে তিমো বাকায়োকোর গোলে ম্যাচে ফেরে এসি মিলান। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজের গোলে আবারও দুই গোলে এগিয়ে যায় ইন্টার। ৭১ মিনিটে মাতেও মুসাচ্চিওর গোলে মিলান শিবিরে আশা জাগলেও শেষ পর্যন্ত পরাজয় বরণই করতে হয় তাদের।

এই জয়ের ফলে ইন্টার মিলান ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে এসি মিলানকে টপকে তালিকার তিনে চলে এসেছে।