আইওএস প্ল্যাটফর্মের জন্য একটি ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) অ্যাপ এনেছে অপেরা। অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে নিজের দেশ এবং সার্ভার পরিবর্তন করে একটি ভার্চুয়াল লোকেশনের নাম দিতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা। এতে বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীর নিজস্ব সার্ভার লোকেশন না দেখিয়ে ভিপিএন সার্ভারের লোকেশন দেখাবে।
সম্প্রতি নিজেদের ব্রাউজারে বিল্ট-ইন ভিপিএন সেবা যুক্ত করে অপেরা। প্রধান প্রধান ইন্টারনেট ব্রাউজারের মধ্যে অপেরাই প্রথম ভিপিএন সেবা এনেছে।
প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে যেতে নানা উদ্যোগ নিচ্ছে অপেরা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ব্রাউজারে ভিপিএন ফিচার যুক্ত করা ও আইওএস প্ল্যাটফর্মের জন্য ভিপিএন অ্যাপ আনা।
ওয়েব ব্রাউজিংয়ের বাজারে খুব একটা শক্ত অবস্থানে নেই নরওয়ের অসলোকেন্দ্রিক অপেরা। গত ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারগুলোর মধ্যে ৬০ শতাংশ জায়গা দখল করে রেখেছে সেখানে অপেরার ভাগ মাত্র ২ শতাংশ। সূত্র- ম্যাশেবল।