ক্রাইস্টচার্চে নিহত রাশিদকে জাতীয় পদক দেওয়ার ঘোষণা ইমরানের

আল জাজিরা

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে প্রতিরোধের চেষ্টা করেছিলেন নাঈম রাশিদ। সেই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে মরণোত্তর জাতীয় পদক দেওয়ার ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়ে তিনি আরও বলেছেন, নিহত অন্য পাকিস্তানি পরিবারের সদস্যদের জন্যও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে। ক্রাইস্টচার্চের মসজিদে ওই হামলায় নাঈম রাশিদসহ মোট ৯ পাকিস্তানি নিহত হয়েছেন।

ইমরান টুইটারে লেখেন, ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলাকারীকে বাধা দেওয়া মিয়া নাঈম রাশিদের ভূমিকায় পাকিস্তান গর্বিত। জাতীয় পদকের মাধ্যমে এ সাহসিকতার স্বীকৃতি দেওয়া হবে।’  এ ছাড়া পাকিস্তানের প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়েছে, নাঈম রাশিদ পাকিস্তানের অ্যাবোটাবাদের বাসিন্দা ছিলেন।

আল নূর মসজিদে হামলা চালানোর সময় ব্রেন্টন ট্যারান্টকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন রাশিদ। হামলাকারীর সরাসরি সম্প্রচার করা ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, বাধা দিতে যাওয়া নাঈম রশিদক ট্যারান্ট কয়েকটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি ক্রাইস্টচার্চের একটি স্কুলে শিক্ষকতা করতেন।