কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪

এএফপি

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। কঙ্গোর জাতীয় রেল কোম্পানি এ ট্রেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

মধ্য আফ্রিকার দেশটির কাসাই প্রদেশে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা ইতোমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশিরভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে, কারণ ট্রেনটি কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।’

ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম জানান, ট্রেনটি মালবাহী হওয়ায় যাত্রীদের অধিকাংশ এতে লুকিয়ে উঠে। লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় এর বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে ভর্তি করা হয়েছে।