১০.১ ইঞ্চি ডিসপ্লের নতুন ট্যাব আনল স্যামসাং

৭ ইঞ্চি ডিসপ্লে সংস্করণের পর এবার গ্যালাক্সি ট্যাব এ-এর ১০.১ ইঞ্চি ডিসপ্লে সংস্করণ এনেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং।
 
জার্মানির বাজারের জন্য নতুন এই গ্যালাক্সি ট্যাবলেটটি উন্মোচন করা হয়েছে। তবে কবে থেকে আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি পাওয়া যাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।
 
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১ ডিভাইসটি দুটি সংস্করণে পাওয়া যাবে। এর মধ্যে একটি ওয়াই-ফাই সংযোগ সমর্থন করবে, যার মূল্য ২৮৯ ইউরো। অন্যটি এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে, যার মূল্য ৩৪৯ ইউরো। ফোরজি সিম সাপোর্ট অপশন ছাড়া দুই ডিভাইসে আর বিশেষ কোনো পার্থক্য নেই।
 
অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক গ্যালাক্সি ট্যাব এ-এর নতুন এই সংস্করণে ১৯২০–১২০০ পিক্সেল রেজ্যুলেশনের টিএফটি ডিসপ্লে রয়েছে। এতে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর জুড়ে দেয়া হয়েছে।
 
২ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২০০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
এতে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি আছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
 
ট্যাবলেটটিতে ৭৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। সূত্র- সিনেট ও এনডিটিভি।