যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার ভেরচী বাজারে প্রার্থী এসএম হাবিবুর রহমানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে ওই প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ওই ইউনিয়নের ভরতভায়না ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মোল্যা (৫২) ও দশকাহুনিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাফেজ মতিয়ার রহমান খানের (৪৬) নাম জানা গেছে। এদের মধ্যে ইদ্রিস আলী মোল্যাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়রা জানায়, গৌরীঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এস এম সিদ্দিকুর রহমানের ছেলে যুবলীগ নেতা এস এম সোহেল রানা শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে রাতে ভেরচী বাজার দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা আওয়ামী লীগের প্রার্থী এস এম হাবিবুর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।’