খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুক্রবার দুপুরে বাসের ধাক্কায় সুমাইয়া আকতার (৬) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
সুমাইয়া মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি এলাকার মো: আবু জাফরের একমাত্র কন্যা। এদিকে শিশু সুমাইয়ার নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসী বাইল্যাছড়িতে রাস্তায় ব্যারিকেড দিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু সুমাইয়া আকতার তাদের বাড়ির সন্নিকটে বাইল্যাছড়ি মাদ্রাসা এলাকায় রাস্তার এক পাশ দিকে হেঁটে যাচ্ছিল। খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সুমাইয়া বাইল্যাছড়ি মাদ্রাসার হেফজখানা শাখার প্রথম শ্রেণির ছাত্রী।
বাস চাপায় শিশু সুমাইয়া নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ গ্রামবাসী দুর্ঘটাস্থল বাইল্যাছড়িতে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় শান্তি পরিবহনের কয়েকটি বাসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা পর্যন্ত খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বেলা ১টার দিকে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী ও থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্দ লোকজনদের শান্ত করে রাস্তার ব্যারিকেড সরিয়ে দেন।
মাটিরাঙ্গা থানার উপ পরিদর্শক মো. জিল্লুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে।