মোড়েলগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে মহারাজ হাওলাদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার অপর দুইভাই ।
 
শুক্রবার বিকাল ৩টার দিকে মোরেলগঞ্জ সদরের আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মহারাজ মোরেলগঞ্জ সদরের আদর্শপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে পুলিশের খুলনা ট্রেনিং সেন্টারে সিভিল শাখার হিসাব সহকারী পদে চাকরি করতো। ঘটনার পর থেকে মহারাজের বড় ভাই মোতালেব হাওলাদার (৫৫) ও হারুণ হাওলাদার(৪৫) পলাতক রয়েছে।
 
থানার ওসি মো. রাশেদুল আলম ও মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এনামুল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
 
মহরাজের স্ত্রী সোহেলী বেগম জানান, বসতবাড়ির জমি নিয়ে ৩ ভাইয়ের মধ্যে বিরোধ হয়। এ সময় মোতালেব ও হারুণ মিলে মহারাজকে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে তার ঘাড়ে ইট দিয়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। ওই অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।