চাকরি জাতীয়করণের দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

ইত্তেফাক ডেস্ক

চাকরি জাতীয়করণের দাবিতে সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগীরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল:দুপুর সাড়ে ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি সেতু বেগম, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. মামুন, সুলতানা বেগম, কায়সার ও স্বপন। পরে বানারীপাড়া-উজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা থেকে আগত কয়েকশ’ ন্যাশনাল সার্ভিসের মহিলা-পুরুষ কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ইসলামপুর (জামালপুর): ইসলামপুরে স্থানীয় বটতলা চত্বরে মানববন্ধন করে ন্যাশনাল সার্ভিস কর্মীরা। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি রাকিবুল হাসান রাসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ এনামুর রকিব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমরান, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার মায়া প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর): বকশীগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগীরা। উপজেলা পরিষদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ ন্যাশনাল সার্ভিস উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি হাছানুজ্জামান সজিব, সিনিয়র সহ-সভাপতি শহিদুজ্জামান, সহ-সভাপতি শাকিরুজ্জামান সুমন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সিংড়া (নাটোর): উপজেলা কোর্ট চত্বরে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিসের আওতায় বেকার হাজারো যুবক-যুবতী। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সিংড়া শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান প্রাংয়ের  সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ন্যাশনাল সার্ভিসের কর্মী গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বক্তারা সিংড়া উপজেলায় দু’বছর মেয়াদি ১৬শ’ বেকারের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নাগেশ্বরী (কুড়িগ্রাম): উপজেলা পরিষদের সামনে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত কেবি সড়কের পাশে মানববন্ধনে অংশ নেন ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগীরা। বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব আতিক হাসান রাজা, প্রভাষক রেজাউল করিম রেজা প্রমুখ। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) আল ইমরানের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।