গাজীপুর মহানগরীর মোখরখাল বিজয় সড়ক এলাকায় শনিবার ভোরে নরসুন্দা সোয়াটার কারখানায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভান। আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন- জসিম উদ্দিন (২৫) ও তোফাজ্জল হোসেন (২৪)।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় । এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক জসিম ও তোফাজ্জল হোসেন আহত হয়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আহতদের মধ্যে জসিমের পিঠ দগ্ধ ও তোফাজ্জলের হাতে জখম হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে।