বাজারমূল্যে অ্যাপলকে পেছনে ফেললো অ্যালফাবেট

বাজারমূল্যে অ্যাপলকে হটিয়ে শীর্ষ স্থান দখল করেছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন।
 
উচ্চপ্রযুক্তির স্মার্টফোন বাজার সংকুচিত হয়ে আসায় চাহিদা কমেছে আইফোনের। অন্যদিকে, অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা ও ডিজিটাল বিজ্ঞাপন বাজার দ্রুত বিস্তৃত হওয়ায় গুগলের অগ্রগতি ত্বরান্বিত হয়েছে।
 
গত বৃহস্পতিবার অ্যাপলের শেয়ার দরপতন হয় ২ শতাংশেরও বেশি। ফলে শেয়ারপ্রতি মূল্য দাঁড়ায় ৯০ দশমিক ৩২ ডলার। সামগ্রিক বাজারমূল্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন শীর্ষে থাকা প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় ৪৯ হাজার ৪৮০ কোটি ডলার। অন্যদিকে অ্যালফাবেটের বাজারমূল্য পৌঁছায় ৪৯ হাজার ৯৯০ কোটি ডলারে।
 
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার বাজারমূল্যে অ্যাপলকে পেছনে ফেলল প্রতিদ্বন্দ্বী এ প্রতিষ্ঠান। দ্য স্ট্রিট ডটকম।